স্টাফ রিপোর্টার, ২৪ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রধানমন্ত্রী -এর সাথে সাক্ষাৎ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যমে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছেন, রাজধানীতে অটো ট্রাফিক সিগনাল ব্যবস্থা কার্যকর করতে ধাপে ধাপে কাজ চলছে। ইতোমধ্যে মোট পরিকল্পনার প্রায় এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে এবং ঈদের ছুটির পর বাকি কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, রাজধানীর ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটো ট্রাফিক সিগনাল স্থাপনের টার্গেট নেওয়া হয়েছে। এর মাধ্যমে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসক আব্দুস সালাম বলেন, শুধু ট্রাফিক সিগনাল স্থাপন করলেই হবে না, রিকশা ও গণপরিবহনকে একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে হবে। পাশাপাশি ফুটপাত ও সড়কের হকার সমস্যাও সমাধানে কাজ চলছে। ইতোমধ্যে অনেক জায়গা থেকে হকার উচ্ছেদ করা হয়েছে, বাকি কার্যক্রম ঈদের পর আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু ঢাকা নয়, পুরো দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন। গাবতলী থেকে পোস্তা পর্যন্ত সড়ক প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সড়ক চালু হলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী যানবাহনকে আর যাত্রাবাড়ী ক্রসিং ব্যবহার করতে হবে না। তারা পোস্তা ও সদরঘাট হয়ে সরাসরি গাবতলী যেতে পারবে। একইভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী যানবাহনেরও ঢাকা শহরের ভেতরে প্রবেশের প্রয়োজন হবে না।
ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা, পশুর হাট ও কোরবানির বর্জ্য অপসারণ নিয়েও প্রস্তুতির কথা জানান তিনি। কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন। এজন্য কয়েক লাখ বস্তা বিতরণ করা হয়েছে যাতে মানুষ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত্রতত্র কোরবানি বা বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোথাও যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।





