ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে বড় শুল্ক ছাড়, পরিবেশবান্ধব যাতায়াতে নতুন উদ্যোগ

৩০ জুন পর্যন্ত স্বল্প করেই আমদানি সম্ভব, মোট করভার থাকবে মাত্র ১৫%

স্টাফ রিপোর্টার | ৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা জোরদার করতে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এ প্রস্তাব পরিবেশ উন্নয়ন এবং আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের জন্য আমদানিকৃত এসব বাসের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে।

এছাড়া ভ্যাট ছাড়া অন্যান্য সব ধরনের কর—যেমন কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর—থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকদের মোট করভার দাঁড়াবে মাত্র ১৫ শতাংশ।

একই ধরনের সুবিধা ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এই বিশেষ শুল্ক সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।