ইশতেহার বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামার আহ্বান প্রধানমন্ত্রীর

দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তারেক রহমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে।

শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটা হলো—আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা।”

তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম নির্বাচন কঠিন হবে। আপনারা প্রত্যেকেই তা অনুভব করেছেন। মানুষ আমাদের দল ও আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।”

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের আগের দিন পর্যন্ত এটি ছিল বিএনপির ম্যানিফেস্টো। সরকার গঠনের পর এটি বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “ভোট দেওয়া দেশের ৫২ শতাংশ মানুষ মূলত আমাদের এই ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। তাই এতে যা যা বলা হয়েছে, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণকে সুশাসন, নিরাপদ সমাজ ও উন্নত শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।”

স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে এবং বিতর্কের সুযোগ থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার। সরকার ঠিকই আছে, কিন্তু এটি বিএনপি সরকার। তাই বিএনপি সহযোগিতা না করলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।”

সকাল পৌনে ১১টায় শুরু হওয়া দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।