এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজনের আশা: মির্জা ফখরুল

জেলা প্রশাসক সম্মেলনে তৃণমূল সরকার শক্তিশালী করার ওপর জোর, দুর্নীতি তদন্তের ঘোষণা


স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে।

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আগেও বলেছি, এখনো বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।”

মির্জা ফখরুল জানান, জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এবং জেলা প্রশাসকদের দেওয়া বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা দেশের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। তৃণমূল পর্যায়ের এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গেলে সামগ্রিক গণতন্ত্রও শক্তিশালী হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই বছরে স্থানীয় পর্যায়ের রাস্তাঘাট ও অবকাঠামো সংস্কারে যথেষ্ট নজর দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের কাজ শুধু অবকাঠামো উন্নয়ন নয়— বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও তাদের পালন করতে হয়।

গত ১৬ বছরে স্থানীয় সরকারের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সময়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব দুর্নীতির তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন অনিয়ম না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক সম্মেলনের মতো আয়োজন প্রতি বছর হওয়া প্রয়োজন। এতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের কার্যকর সমন্বয় গড়ে ওঠে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়।