স্টাফ রিপোর্টার | ০২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্য থেকেই দেশের নেতৃত্ব তৈরি হবে।
শনিবার বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যারা আজ এখানে আছো, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। তোমরাই একদিন দেশের দায়িত্ব নেবে।”
শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন পড়তে হবে, খেলতে হবে এবং নিজেদের দক্ষ করে তুলতে হবে। যে খেলোয়াড় হতে চায়, সে খেলোয়াড় হবে; যে গান শিখতে চায়, সে গান শিখবে—সরকার সেই সুযোগ সৃষ্টি করবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর হবে। তোমাদের ওপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ।”
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রশ্ন করেন, তারা দেশকে এগিয়ে নিতে পারবে কিনা। জবাবে গ্যালারিতে থাকা শিক্ষার্থীরা একসঙ্গে বলে ওঠে, “হ্যাঁ, পারবো।” এতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি তোমরা পারবে ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই শিক্ষার্থীদের মধ্য থেকেই সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তৈরি হবে।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের ধারণা কীভাবে এসেছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কয়েক বছর আগে ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনার মধ্য থেকেই এই উদ্যোগের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীদের আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন এবং ট্রফি ও লোগো উন্মোচন করেন।
পরে তিনি মাঠে নেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের উৎসাহিত করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





