স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি জানান, বর্ষা মৌসুম শুরুর আগে প্রধানমন্ত্রী দুই জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, “আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতোমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন, সেখানে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।”
তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কয়েকটি জেলায় এ কর্মসূচির উদ্বোধন করেছেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্ষাকাল শুরু হওয়া পর্যন্ত মে মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর বর্ষা শেষে আগামী নভেম্বর-ডিসেম্বর থেকে পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, ফেনী সফরে প্রধানমন্ত্রী ২৫ মে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় সম্পন্ন হওয়ার বিষয়েও আলোচনা হয়।
পানি সম্পদ মন্ত্রী বলেন, সরকার শিগগিরই পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে।





