স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন বাতিল করে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনেই এটি বিল আকারে পেশ করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
মাদক আইনের সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকসংক্রান্ত মামলার জট নিরসনে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে।
এদিকে পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পাসপোর্টে আগের মতোই ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছ পুনর্বহাল করা হবে। তিনি এটিকে জনগণের দাবি ও সরকারের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।





