জেলা নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

নির্বাচনি ইশতেহার, সরকারের পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিনব্যাপী রুদ্ধদ্বার আলোচনা

স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বেলা পৌনে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তন-এ এই মতবিনিময় সভা শুরু হয়।

দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।

সভা সম্পর্কে রুহুল কবির রিজভী জানান, দলের নির্বাচনি ইশতেহার ও সরকারের পরিকল্পনাগুলো নেতাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হবে।