স্টাফ রিপোর্টার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদন থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে মামলাটি তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে সুবিধা নিয়ে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার ফ্ল্যাট নং-বি/২০১ (নতুন ঠিকানা ১১এ ও ১১বি, রোড নং-৭১, ঢাকা-১২১২) দখল করার চেষ্টা করেছেন।
তদন্তে জানা গেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না। এ সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে এবং রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে সংস্থাটির আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ফ্ল্যাটের অনুমোদন পাইয়ে দেন।
আবেদনে আরও বলা হয়েছে, মামলা দায়েরের আগে আসামি দেশত্যাগ করেছেন এবং প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। তাই তাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করা প্রয়োজন।





