নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

উন্নয়ন ও রাষ্ট্র বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকার আহ্বান

স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে। তিনি দেশের উন্নয়ন ও রাষ্ট্র বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং অধিকার আদায়ে বারবার সংগ্রাম করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আইইবি শুধু প্রকৌশলীদের একটি সংগঠন নয়, বরং বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) এবং মো. আশরাফ উদ্দিন (বকুল)।

অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।