নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের প্রশিক্ষণ ও বাজারজাত সহায়তার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাত সহায়তা দিতে হবে। এর মাধ্যমে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য বিমোচনের পথ সুগম হবে।

সোমবার সকালে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, পুনাকের সদস্যরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কর্মকাণ্ড আগামী প্রজন্মকে সমাজে ইতিবাচক অবদান রাখতে অনুপ্রাণিত করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক পরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। পরিবার ও সামাজিক উন্নয়নে নারীরা স্বাস্থ্য ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রব্যবস্থাকে সহায়ক ভূমিকা পালন করতে হবে, যাতে প্রতিটি মেয়ে তার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-এর সহ-সভানেত্রী সাবিনা আওলাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলের মধ্যে সাতক্ষীরা প্রথম, রাজশাহী দ্বিতীয় এবং লালমনিরহাট তৃতীয় স্থান অর্জন করে।

পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।