স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত ঈদযাত্রাই ঈদের সবচেয়ে বড় আনন্দ।
রোববার গাজীপুর জেলার কালিয়াকৈরের খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে সড়কপথে মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে নিয়মিত সমন্বয় সভা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, বাইপাইল, এলেঙ্গা ও চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সুশৃঙ্খলভাবে ঈদযাত্রা নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার স্থাপন কিংবা রাস্তার ওপর বাস রেখে যানজট সৃষ্টি করা যাবে না।
সেতুমন্ত্রী আরও জানান, ফিটনেসবিহীন যানবাহন কোনোভাবেই সড়কে নামতে দেওয়া হবে না এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ, শামছুর রহমান শিমুল বিশ্বাস, মো. মজিবুর রহমান এবং ড. মোহাম্মদ জিয়াউল হক।
জেলা প্রশাসন গাজীপুর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মো. নূরুল করিম ভূঁইয়া।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক, নিরাপদ ও যানজটমুক্ত।





