স্টাফ রিপোর্টার | ৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ন্যায়বিচার নিশ্চিত করতে দায়িত্ববোধের জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্স-এ আয়োজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ২০তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ন্যায়বিচার নিশ্চিত করুন, আমরা আপনাদের পাশে আছি।”
তিনি বলেন, বিচারকদের প্রতি জনগণের আস্থা আরও বাড়ুক—সরকার সেটিই চায়। জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যেসব বিষয় অন্তরায়, সেগুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমান প্রায়ই বলেন—কাজের জায়গাটি দায়িত্ববোধ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার, জনপ্রিয়তার নয়। তাই সব পরিস্থিতিতে সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন।
মো. আসাদুজ্জামান আরও বলেন, নিজের দায়িত্ব ও সীমারেখা সম্পর্কে তিনি সবসময় সচেতন থেকেছেন এবং কোনো পরিস্থিতিতেই সঠিক সিদ্ধান্তের জায়গা থেকে সরে আসেননি।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ বিষয়ে সরকার যেমন সজাগ থাকবে, বিচারকদেরও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে দীর্ঘদিনের যে সংগ্রাম, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। মানবাধিকার ও বিচারব্যবস্থার ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এমদাদুল হক। এছাড়া অনুষ্ঠানে আইন কমিশনের সদস্য, প্রশিক্ষণার্থী, বাংলাদেশ জুডিসিয়াল এডমিনস্ট্রেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট-এর কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





