পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী৷

দ্রুত বিচার সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ

স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ-কে এ নির্দেশনা দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

ড. রেজাউল করিম জানান, একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।