প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের নির্দেশ

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মাননীয় প্রধানমন্ত্রী আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাঁর বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকদের একটি সমন্বিত ডাটাবেইস তৈরি, সরাসরি প্রণোদনা প্রদান এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে ন্যায্য দামে ফসল বিক্রির সুযোগ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী নির্দেশ দেন, কৃষক কার্ডের মাধ্যমে যেন প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা পান তা নিশ্চিত করতে হবে। কার্ড ব্যবস্থার আওতায় ভর্তুকিমূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি উৎপাদিত ফসল সরাসরি সরকারি ক্রয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার প্রস্তাবও পর্যালোচনা করা হয়।

এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কৃষকের ব্যাংক হিসাবের সঙ্গে কার্ড সংযুক্ত করা, সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি এবং বাজার তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সরকারি সূত্র জানায়, কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এবং কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।