রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস

স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। এতে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া প্রধান আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। পরে একদিনের মধ্যেই আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে।

মন্ত্রী বলেন, “সব রিপোর্ট একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ গত রাতেই শেষ হয়েছে। আজ আদালতে তা দাখিল করা হবে, সম্ভবত এরই মধ্যে হয়ে গেছে।”

তিনি আরও বলেন, আদালতের ছুটি থাকলেও মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং এটি আইন মন্ত্রণালয় দেখভাল করছে। মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করছি আজকের মধ্যেই চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে।”

তিনি বলেন, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার এবং আইনের আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।