স্টাফ রিপোর্টার | ৭ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে স্কুলের জন্য মানসম্মত জুতা বিতরণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে দেশের বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সরকারকে অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, সরকার চায় এই উদ্যোগটি শুধু একটি বিতরণ কর্মসূচি না হয়ে শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এজন্য জুতার মান, স্টাইল ও উৎপাদন প্রক্রিয়ায় নির্দিষ্ট সমন্বয় থাকা জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের জুতার গুণগত মানে বৈষম্য থাকলে শিশুদের মধ্যে অসম অভিজ্ঞতা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে জুতা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রায় এক লাখ শিক্ষার্থী এই সুবিধা পাবে।
এ সময় তিনি টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, টেকনিক্যাল বিশেষজ্ঞ, লেদার ইন্সটিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং সহযোগী কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।
তিনি বলেন, ডিজাইন, কোয়ালিটি চেকিং ও সার্টিফিকেশনসহ সব কার্যক্রম আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং এজন্য টেকনিক্যাল বিশেষজ্ঞদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই পাইলট উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যেহেতু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিয়মিত এ ধরনের জুতা উৎপাদন করে, তাই অল্প সময়ের মধ্যেই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





