স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
হাসপাতালগুলোতে ঈদের ছুটির সময় চিকিৎসকরা উপস্থিত থাকবেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম রোগীদের চিকিৎসাসেবায় দায়িত্বরত কোনো ডাক্তার ও নার্সের ঈদের ছুটি হবে না। তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা ইতোমধ্যে সার্কুলার জারি করেছি।”
তিনি বলেন, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।





