স্টাফ রিপোর্টার | ২ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
হাম প্রতিরোধে বর্তমান সরকার এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বজ্রপাতের মতো এসেছে হাম। আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত হয়েছি।”
তিনি জানান, আগামী রোববার থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। সাম্প্রতিক সময়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, “এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত।”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকা ও রাজশাহীসহ সারা দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে।
তিনি জানান, রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে এবং অন্যান্য হাসপাতালেও ভেন্টিলেটর স্থাপনসহ চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।
সংকটময় এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান নানা সমস্যার বিষয়ে সরকার অবগত রয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, টিকাদান কর্মসূচিতে নিয়োজিত ১ হাজার ৩০৬ জন স্বাস্থ্য সহায়তাকারী দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, যা তাদের জন্য বড় কষ্টের কারণ। পাশাপাশি প্রায় ২৫ হাজার স্বাস্থ্য সহকারী, সহ-স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকের পদোন্নতি আটকে আছে।
এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আজ বা আগামীকালের মধ্যেই তাদের প্রতিনিধিদের ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।”
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় মেডিকেল ইথিকসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ‘বিশ্বাস’কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।





