স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কি না সে বিষয়ে আগামী ৩০ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ জ্ঞাত আয়ের বাইরে প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তদন্তে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকা পাওয়া যায়, যেখানে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা।
দুদকের তদন্তে আরও বলা হয়েছে, অবৈধ উৎসের অর্থের প্রকৃতি ও মালিকানা গোপন রেখে তিনি বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।
এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।





