স্টাফ রিপোর্টার, ০৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া হলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তাই আইনের শাসন বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ দায়িত্বশীলভাবে কাজ করে যাবে।
তিনি জানান, বিদেশে অবস্থান করা কিছু অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
আইজিপি বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী আচরণ করা হবে না। তবে নাগরিকদের অবশ্যই আইন মেনে চলতে হবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তা না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অকার্যকর হয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, দেশে অনেক নিষিদ্ধ সংগঠন রয়েছে। তারা বিভিন্ন অজুহাতে রাস্তায় নেমে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে বা সন্ত্রাস উসকে দেওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
কিশোর গ্যাং প্রসঙ্গে আইজিপি বলেন, বেকারত্ব ও মাদকের সঙ্গে জড়িত অনেকেই এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। যারা এসব অপকর্মের মূল পরিকল্পনাকারী, তারা যত ক্ষমতাধরই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের বন্ধু। কোনো ব্যক্তি অপরাধের শিকার হলে বা অন্যায়ের মুখোমুখি হলে প্রথম আশ্রয়স্থল হওয়া উচিত পুলিশ।
আইজিপি জানান, দেশের প্রতিটি সদর থানাকে ‘জিরো কমপ্লেইন্ট থানা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। থানায় আসা মানুষ যেন ভালো ব্যবহার পায় এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ না থাকে, সে লক্ষ্যেই কাজ করা হবে।
তিনি বলেন, অতীতে কিছু ঘটনার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ পুলিশ সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সবার সহযোগিতা প্রত্যাশা করছে।





