আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, শাহবাগে এনসিপির আনন্দ মিছিলের ঘোষণা
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগে এক জমায়েতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, সোমবার সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হলে তাঁরা আনন্দ মিছিল করবেন। তিনি বলেন, “আমরা সরকারের কার্যক্রমের দিকে নজর রাখছি।”
হাসনাত আবদুল্লাহ শাহবাগের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে উপস্থিত সবাইকে নিজ নিজ বাসায় ফিরে যেতে অনুরোধ জানান। তাঁর বক্তব্যের সময় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।





