ঘটনার এক বছরেও বিচার না হওয়ায় ক্ষোভ
স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মাগুরার আলোচিত ধর্ষণ ও হত্যার শিকার আছিয়ার ঘটনার এক বছর পার হলেও এখনো বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।
রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আছিয়াকে চিকিৎসার দায়িত্ব তাকে দিয়েছিলেন তারেক রহমান। মাগুরা থেকে ঢাকায় নিয়ে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত আছিয়াকে বাঁচানো সম্ভব হয়নি।
পোস্টে তিনি দাবি করেন, আছিয়ার ঘটনাকে অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ গুরুত্ব দেয়নি। এ ঘটনায় এক বছর পার হলেও এখনো ধর্ষকের বিচার হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
রবিউল ইসলাম নয়ন তার পোস্টে আরও বলেন, আছিয়াকে বাঁচানোর চেষ্টা চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ধর্ষকের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন। আছিয়ার মৃত্যুর পর জানাজায় অনেক রাজনৈতিক ব্যক্তিও উপস্থিত হয়েছিলেন। তবে সময় পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি দ্রুত সময়ের মধ্যে আছিয়ার ধর্ষকের বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেন।





