স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
যশোর: নতুন ঘরের চাবি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। অশ্রুসজল নয়নে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আজ আমি আমার বাচ্চাটাকে নিয়ে নিরাপদে থাকতে পারব। আমি অনেক অনেক খুশি। তারেক রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ।”
সোমবার দুপুরে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে একটি সেমি-পাকা ঘর আনুষ্ঠানিকভাবে মনিরা খাতুনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ সংস্কারের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, “আফিয়ার পাশে যেমন আমরা দাঁড়িয়েছি, তেমনি বাংলাদেশে হাজার হাজার অসহায় মা ও শিশুর পাশে দাঁড়াতে চাই। রাজনীতি শুধু মিটিং-মিছিল কিংবা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ নয়; রাজনীতির উদ্দেশ্য হতে হবে মানুষের উপকার করা।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে সরকারের শক্তি কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। বিশেষ করে কৃষকদের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। কৃষক যেন উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়, সে লক্ষ্যে বিএনপি কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চায়।
তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে বিএনপির। এতে পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে।
নতুন ঘর পেয়ে শুধু আফিয়ার মা নয়, খুশি প্রতিবেশীরাও। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওদের ঘর ছিল না। আজ ঘর পেয়ে সবাই খুব আনন্দিত। তারেক রহমান যেন এমন আরও অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
উল্লেখ্য, জন্মের পর আফিয়া অ্যালবেনিজম রোগে আক্রান্ত হলে তার বাবা মোজাফ্ফর স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যান। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা তারেক রহমানের নজরে আসে। লন্ডনে অবস্থানকালে তিনি আফিয়ার পরিবারকে নতুন ঘর করে দেওয়ার পাশাপাশি শিশুটির পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন, যার বাস্তবায়ন হিসেবে এই ঘর হস্তান্তর করা হলো।





