উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ মন্ত্রীর

গ্রামীণ সড়ক অবহেলার কথা তুলে ধরে দুর্নীতি দমনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | ২৯ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে। তিনি জানান, মেগা প্রকল্পের আড়ালে চরম অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে, যা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছে।

রবিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেন-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী সরকারের সময়ে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে দায়িত্ব নেওয়ার পর বিষয়টি গভীরভাবে বুঝতে পেরেছি।”

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, যা অত্যন্ত হতাশাজনক। তবে বর্তমান সরকার এই অবস্থা পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।

সংসদকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

প্রশ্নোত্তর পর্বে আখতার হোসেন উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার মেগা প্রকল্পে গুরুত্ব দিলেও গ্রামীণ সড়ক ব্যবস্থাকে উপেক্ষা করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। তিনি জানতে চান, বর্তমান সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে।

এ বিষয়ে মন্ত্রী জানান, অতীত সরকারের সময়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়কের তেমন উন্নয়ন হয়নি। তিনি বলেন, এখনো অনেক গ্রামীণ সড়ক কাঁচা রয়েছে এবং এগুলো উন্নয়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

বিরোধীদলীয় সদস্য মো. আব্দুল আলীম-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ধাপে ধাপে কাঁচা সড়কগুলো পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।