এএসআইয়ের ছিনতাই হওয়া সরকারি অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার, মধ্যরাতে সাঁড়াশি অভিযান

স্টাফ রিপোর্টার, ১০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালন করার সময় এক এএসআইয়ের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে বন্দর ফায়ার স্টেশনের সামনের একটি গলি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

আটকরা হলেন ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩), হাসান (২১) এবং নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার মিজানুর রহমানের ছেলে মো. মিশাল (৩০)।

পুলিশ জানায়, সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, “ঘটনায় জড়িত অভিযোগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্দরের সোনাকান্দা এলাকা থেকে মিশালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়েই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “মিশাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এদিকে এ ঘটনায় সদর উপজেলার কাশীপুর বাংলাবাজার এলাকায় মধ্যরাতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও র‍্যাব সদস্যরা। ব্যাংক কলোনি আবাসিক এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্তের তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রাত আড়াইটা পর্যন্ত এসব এলাকার কয়েকটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানের সময় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বর্ণনায় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনার সময় লুৎফর রহমান পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হন। শহরের আরও কয়েকটি স্থানেও ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে।

এর আগে রোববার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারিচালিত রিকশা থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।