কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রস্তাবিত স্টেডিয়াম ঘিরে আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের মহাপরিকল্পনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা পরিদর্শন শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম গড়ে তুলতে সরকার একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে শুধু ক্রিকেট নয়, ফুটবল, ইনডোর গেমসহ সব ধরনের খেলাধুলার সুবিধা সম্বলিত একটি আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমিনুল হক বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলে বিদ্যমান অবকাঠামো অত্যন্ত জরাজীর্ণ। মাঠের অবস্থা কিছুটা গ্রহণযোগ্য হলেও খেলোয়াড় ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। অতীতে প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হলেও বর্তমান সরকার নতুন উদ্যমে কাজ শুরু করতে চায় বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান করা হবে। ঢাকায় ফিরে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনের নীতি-নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠক করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় ফ্লাডলাইট স্থাপনে সিভিল এভিয়েশনের বিধিনিষেধ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দক্ষ স্থপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মান বজায় রেখে আলোকসজ্জা নিশ্চিত করা হবে।

বিশ্বের উন্নত দেশের স্টেডিয়ামের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, গ্যালারির পাশাপাশি ঘাসের ওপর বসে বা শুয়ে খেলা দেখার মতো উন্মুক্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনাও রয়েছে। কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি ভিন্নধর্মী স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পর্যটন করপোরেশনের মধ্যকার দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হয়েছে। এখন সব পক্ষ একযোগে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামও পরিদর্শন করেন এবং সেখানে খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।