স্টাফ রিপোর্টার, কক্সবাজার ২৩ মার্চ সোমবার ২০২৬ নিউজ চ্যানেল বিডি
সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে।
রোববার বিকেলে সুগন্ধা পয়েন্ট পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এর আগে গত ৯ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে সৈকতের বালিয়াড়িতে থাকা অবৈধ ভাসমান স্থাপনা অপসারণের নির্দেশ দেন তিনি। সেই নির্দেশনার ভিত্তিতে সুগন্ধা ও কলাতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগে ইতোমধ্যে সৈকতের অনেক এলাকার দৃশ্যপট বদলে গেছে। ভাসমান দোকান সরিয়ে নেওয়ায় এখন সড়ক থেকেই বালিয়াড়ি ও নীল ঢেউয়ের সৌন্দর্য স্পষ্ট দেখা যাচ্ছে। আসন্ন ঈদের ছুটিতে পর্যটকেরা সৈকতের নতুন রূপ উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে পুরো ১২০ কিলোমিটার সৈকত এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এর আগে দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের অ্যালামনাই আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, সংস্কার, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করা হবে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর কথাও উল্লেখ করেন তিনি।
#কক্সবাজার #সৈকতউচ্ছেদ #স্বরাষ্ট্রমন্ত্রী #বাংলাদেশ #পর্যটন #অবৈধস্থাপনা #বিএনপি





