আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি
বাগেরহাট, ৪ অক্টোবর ২০২৫:
সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকতে ঢেউয়ে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য অপসারণের কার্যক্রম সম্পন্ন করেছে কচিখালী টহল ফাঁড়ি দল। শুক্রবার দিনভর সংগৃহীত প্লাস্টিক বর্জ্য একত্র করে সরিয়ে ফেলা হয়।
প্রতি মাসে একবার নিয়মিতভাবে এই কচিখালী সৈকত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবন বাগেরহাট বিভাগের কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।
প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দেশি-বিদেশি লাখো পর্যটকের ভিড়ে জমজমাট হয়ে ওঠে কচিখালী সমুদ্র সৈকত। তবে পর্যটকরা অনেক সময় কোমল পানীয় পান শেষে প্লাস্টিক বোতলসহ নানা বর্জ্য সৈকতে ফেলে দেন, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।





