স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত মধ্যরাতে কুমিল্লার এই দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।
প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের কথাও জানিয়েছেন। তিনি বলেন, প্রতিটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ তথ্য জানিয়েছেন।
কুমিল্লার এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।





