কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ

কঠোর অবস্থানে রেল প্রতিমন্ত্রী, অবহেলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

কুমিল্লার পদুয়ারবাজার রেলক্রসিংয়ে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ বরাদ্দ করেছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রবিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন। পরে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে নিহতদের স্বজন ও আহতদের খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

দুর্ঘটনা প্রতিরোধে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন— দেশের সব গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে এবং বিদ্যমান লেভেল ক্রসিংগুলোকে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে ট্রেন আসার আগেই গেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে গার্ড নিয়োগ করা হবে।

দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। দুই গেটম্যানকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং স্টেশন মাস্টারের বিরুদ্ধেও জবাবদিহিতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি একটি বিভাগীয় ও একটি জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ভোরে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।