স্টাফ রিপোর্টার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছেন। শুক্রবার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক পরিস্থিতি, ফলাফল এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে দেশবাসীর উদ্দেশ্যে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।
জামায়াতে ইসলামী জানায়, এর আগে নির্বাচন কমিশনে গিয়ে দলটির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হলেও আজকের বৈঠকে বিস্তারিত পর্যালোচনা ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা, যারা নির্বাচনী কাজে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত ছিলেন, বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন। বৈঠক শেষে সংগঠনের বিভিন্ন স্তরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, রাত ১০টার মধ্যে বৈঠকের সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হতে পারে। এছাড়া জোটের শরিক দলগুলোর সঙ্গেও পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে। সে বৈঠকের পর যৌথ বক্তব্যও আসতে পারে।
বৈঠক চলাকালে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট সব প্রশ্নের উত্তর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে দেওয়া হবে।
বক্তব্যটি দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এহসানুল জুবায়ের।





