স্টাফ রিপোর্টার | ৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
এক শোক বিবৃতিতে তিনি বলেন, কদমতলীর একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ৩ জন নারীসহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জামায়াত আমির আরও বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও তদারকির অভাবই এসব প্রাণহানির অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।





