কেরানীগঞ্জে লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

স্টাফ রিপোর্টার | ৪ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা আবাসিক এলাকায় একটি লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার দুপুরে আকরাম মিয়ার মালিকানাধীন এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় উদ্ধার অভিযান। এ সময় ধ্বংসস্তূপ থেকে একে একে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এখনও চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্টরা।