স্টাফ রিপোর্টার | ০৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
লক্ষ্মীপুর: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর অসমাপ্ত কাজ তারেক রহমান-এর নেতৃত্বে সম্পন্ন করা হবে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে দেশব্যাপী খাল ও নদী খননের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে। পাশাপাশি কৃষি উন্নয়নেও সরকার অব্যাহতভাবে কাজ করে যাবে।
তিনি জানান, সারাদেশে ১৮০ দিনের খাল খনন কর্মসূচি চলমান রয়েছে এবং আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন, যার ফলে উৎপাদন বৃদ্ধি ও মাছ চাষের প্রসার ঘটেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
লক্ষ্মীপুর-2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকায় ১২.৬ কিলোমিটার সি-খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৭৮ সালে সর্বশেষ খনন হওয়া খালটির পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে উপকৃত হবেন।





