স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় খাল খনন একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, খনন সম্পন্ন হওয়ার পর খালের দুই তীরে বিভিন্ন ফল ও ঔষধি গাছ রোপণ করতে হবে। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, খাল খননের ফলে সেচ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে বোরো ধানের ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা বছরে দুই ফসলের পরিবর্তে তিনটি ফসল চাষ করার সুযোগ পাবেন। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন, তখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে নেমে পড়েছিলেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে বিশেষ মিশন নিয়ে কাজ করছেন, তা বাস্তবায়নে সাধারণ জনগণ আবারও স্বেচ্ছায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং বিএডিসির প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদরুল আলম।





