স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
গণভোট উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো অর্থ ব্যয় করা হয়নি এবং নতুন করে কোনো নির্দেশনা জারি করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, এবারের নির্বাচনী পরিবেশ বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় অনেক ভালো।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন একটি সহায়ক পরিবেশ তৈরি করেছে এবং সেই পরিবেশ বজায় রাখতে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
গণভোট নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “সরকারের কোনো অর্থ ব্যয় হয়নি। আমরা নতুন কোনো নির্দেশনা দেইনি। শুধুমাত্র আইনকে রেফার করা হয়েছে।”
তিনি আরও জানান, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, সাধারণ নির্বাচনে যেসব বিষয় আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, গণভোটের ক্ষেত্রেও সেগুলো একইভাবে লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
সার্বিকভাবে দেশে নির্বাচনের সময় যে পরিবেশ থাকে, এবারের পরিবেশ তার চেয়ে ভালো বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।





