স্টাফ রিপোর্টার | ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বৈঠক শেষে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আগামী ১২ তারিখ একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে—একটি সরকার গঠনের জন্য এবং অন্যটি গণভোট। গণভোটে তাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বৈধতা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা দেশব্যাপী প্রচারণা চালাচ্ছেন।
ডা. শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দেশে সংস্কারের পথ সুগম হবে এবং অতীতের নির্যাতন-নিপীড়নের বিচার নিশ্চিত হবে। তিনি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
দুর্নীতি ও দুঃশাসনের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এসব কারণে দেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। ১১ দল সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তারা ভাতা নয়, কাজ চান। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তরুণদের দেশ গঠনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, অতীতের কয়েকটি নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি। তবে এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনীতিতে নতুন ধারা সূচিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। তিনি নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নির্বাচনের ফল যাই হোক, জনগণ যদি নির্বাচনকে সুষ্ঠু বলে স্বীকৃতি দেয়, তারা সেই রায় মেনে নেবেন বলে জানান তিনি। জয়ী হওয়া বা বিরোধী দলে বসা তাদের জন্য মুখ্য নয়, জনগণের রায়ই চূড়ান্ত—এমন মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
বৈঠকের আলোচ্য বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে এবং প্রকাশ্য বক্তব্যের বাইরে আলাদা কোনো এজেন্ডা ছিল না।
শেষে তিনি একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।





