স্টাফ রিপোর্টার | ৩১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)সহ এই সেক্টরের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
মঙ্গলবার বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে। তিনি ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার পাশাপাশি বিদ্যমান অসংগতি দূর করার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণ করতে হবে এবং যাত্রী পারাপারের সময় সেবার মান বাড়াতে হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি ফেরিঘাটের সংযোগ সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





