স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
জাইমা রহমানের ফুটবল-সম্পৃক্ততা এবং ইংল্যান্ডের ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও দেশের বিখ্যাত ফুটবলার ।
ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন এবং জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে পড়াশোনার সময় ফুটবল খেলতেন এবং সেই সূত্রে চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে খেলার একটি সুযোগ পেয়েছিলেন।
আমিনুল হক বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার বিষয়টি তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকেই জেনেছেন। তবে সে সময় জাইমার পরিবার তাকে লেখাপড়ায় বেশি মনোযোগী হতে উৎসাহিত করে। ফলে তিনি খেলাধুলার চেয়ে শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দেন।
প্রতিমন্ত্রী আরও জানান, মিরপুরে একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে তার গোলকিপিং নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা হয়। সে সময় জাইমা তাকে বলেন, “আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।” তিনি বলেন, জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং তার উচ্চতার কারণে এই পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
আমিনুল হক জোর দিয়ে বলেন, ইউরোপে শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের বেড়ে ওঠার একটি স্বাভাবিক অংশ। জাইমা রহমানের ক্ষেত্রেও বিষয়টি তাই ছিল। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।





