স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতীয় সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সংসদের অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় তিনি জাতীয় সংসদ ভবন-এর মেঘনা গ্যালারিতে যান। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কথা শোনেন।
সারাদেশ থেকে ২৬ জন জুলাই শহীদ পরিবারের সদস্য সংসদে উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই গণআন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা গ্যালারিতে অবস্থান করেন। তাঁরা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে একে সবার কথা শোনেন। এ সময় কয়েকজন আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের মাথায় হাত বুলিয়ে এবং কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।





