স্টাফ রিপোর্টার | ১১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোই ধারণ করা হবে।
তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ এবং জনসাধারণের প্রত্যাশা সামনে রেখে আমরা কথা বলবো।
বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু হবে। সংসদীয় বিধি অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর অধিবেশন শুরু হবে।
তিনি জানান, অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে এবং তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালীন সংসদে আইনমন্ত্রী উপস্থাপন করবেন। এছাড়া কার্যউপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে।
তিনি আরও বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। কার্যউপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ অধিবেশন আরও একদিন চলার পর বিরতি হতে পারে।





