জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

বৈশ্বিক সংকটের মধ্যেও স্থিতিশীল সরবরাহ নিশ্চিতের চেষ্টা সরকারের



স্টাফ রিপোর্টার | ২ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও দেশে স্থিতিশীল জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং অযথা মজুত না করার আহ্বান জানিয়েছেন।

আজ সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার প্রতিদিনের মজুত ও বিতরণ পরিকল্পনা অনুযায়ী সারাদেশে জ্বালানি সরবরাহ করছে এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে ডিলারদের অনিয়ম—যেমন দোকান বন্ধ রাখা বা ব্যক্তিগত স্থানে অবৈধভাবে জ্বালানি বিক্রির অভিযোগ থাকলে তা স্থানীয় প্রশাসনকে জানালে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সংকট একটি বিশ্বব্যাপী সমস্যা। তবে বাংলাদেশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।

মন্ত্রী জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার আহ্বান জানিয়ে বলেন, “সবাই যদি সহযোগিতা করেন এবং অযথা মজুত না করেন, তাহলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বড় কোনো সমস্যা হবে না।”

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ের নীতি অনুসরণ করছে এবং বাংলাদেশও নাগরিকদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে।

এসময় মন্ত্রী সংসদকে জানান, ভোলার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে খুলনার বিদ্যুৎকেন্দ্রগুলোতেও গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা পেলে দেশে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।