জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইন চালুর চিন্তা সরকারের

মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত, প্রথমে মেট্রোপলিটন এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, ৩১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে সশরীরের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশেও জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে। তবে এই ছয় দিনের মধ্যে অন্তত তিন দিন অনলাইন ক্লাস এবং তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার একটি ‘ব্লেন্ডেড’ পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় প্রথম দফায় এই ব্যবস্থা চালু করার চিন্তা করা হচ্ছে।

তিনি আরও জানান, রোজার ছুটি এবং সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে স্কুলের ক্লাস আওয়ার কিছুটা কমে গেছে। তাই সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর মাধ্যমে সেই ঘাটতি পূরণের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিদ, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনসহ জ্বালানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য খাতেও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে বৈঠকের পর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে আরও কিছু পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।