টি-টোয়েন্টিতে দ্রুততম পেসার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজ

৩১৫ ম্যাচেই ইতিহাস, পেসারদের মধ্যে দ্রুততম এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম বোলার ‘কাটার মাস্টার’

ছবি:মোস্তাফিজের ফেইসবুক থেকে নেয়া

স্টাফ রিপোর্টার | ৩ জানুয়ারি, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সিলেট: টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে তিনি এই কীর্তি গড়েন।

এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা মোস্তাফিজ বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শেষে ৩৯৯ উইকেটে দাঁড়িয়ে ছিলেন। ৪০০ উইকেট পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। শুক্রবার সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করার মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত এই মাইলফলক স্পর্শ করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নিতে মোস্তাফিজের লেগেছে মাত্র ৩১৫টি ম্যাচ। এর মাধ্যমে তিনি পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে (৩৩৫ ম্যাচ) ছাড়িয়ে পেসারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেটের রেকর্ড গড়েছেন।

পেসার ও স্পিনার মিলিয়ে সামগ্রিকভাবে মোস্তাফিজ এখন বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার, যিনি এই মাইলফলকে পৌঁছালেন। এ ক্ষেত্রে তিনি দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরকে (৩২০ ম্যাচ) পেছনে ফেলেছেন। তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, যিনি মাত্র ২৮৯ ম্যাচে ৪০০ উইকেটের কীর্তি গড়েছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মোস্তাফিজ ১১তম বোলার হিসেবে ৪০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর তিনি দ্বিতীয়। বাঁহাতি অলরাউন্ডার সাকিব ২০২২ সালের বিপিএলে ক্যারিয়ারের ৩৫৩তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

এই ঐতিহাসিক অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।


#Mustafizur_rahman