স্টাফ রিপোর্টার | ১১ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি জানান।
তিনি বলেন, প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি তার আহ্বান—জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকার বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
তিনি জানান, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে। তাই ড্রেন, ডোবা ও নর্দমাসহ যেসব জায়গায় পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
এ ছাড়া ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা বাড়ির ছাদে পানি জমতে না দেওয়া এবং পানির ট্যাংক ঢেকে রাখার পরামর্শ দেন তিনি। প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূলনীতি হচ্ছে—‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই কোথাও ময়লা পানি জমে থাকতে না দিয়ে নিজের বাসা-বাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশা ও চিকুনগুনিয়া থেকে নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।





