ড্রোন হামলায় আগুন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ

জ্বালানি ট্যাংকে আগুন, হতাহতের খবর নেই

স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটি একটি।

কর্তৃপক্ষ জানায়, হামলার ঘটনায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই সিভিল এভিয়েশন অথরিটি এক্স-এ দেওয়া এক বার্তায় জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে এ পর্যন্ত ১ হাজার ৮০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ।

দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এরপরও উপসাগরীয় এই বাণিজ্যিক কেন্দ্রের পর্যটন খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

নগরের মিডিয়া অফিস গত বুধবার জানায়, বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর উপসাগরজুড়ে মার্কিন সম্পদের পাশাপাশি বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করছে তেহরান। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাও রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য রয়েছেন। তবে সামরিক সদস্যরা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে জানানো হয়েছে।