স্টাফ রিপোর্ট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টের শেষের দিকে তিনি একটি ক্রান্তিকালীন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তখন বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল, একাডেমিক কর্মকাণ্ড বন্ধ, হলগুলো ভাসমান অবস্থায় এবং প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল।
উপাচার্য বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা দেড় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়কে একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছে এনেছি। আপতকালীন পরিস্থিতি দূর হয়েছে এবং সার্বিকভাবে একটি উন্নয়নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।”
তিনি আরও জানান, তিনি এখন পদ থেকে সরে দাঁড়াতে চান যাতে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা রক্ষা হয় এবং রাজনৈতিক সরকার তার মত করে প্রশাসন সাজাতে পারে। তিনি সরকার ও অংশীজনদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।
উপাচার্য বলেন, “উপাচার্যের দায়িত্ব আমার কাছে একটি আমানত ছিল। আমি এটি কখনও নিয়মিত চাকরি হিসেবে মনে করিনি। এখন মূল শিক্ষকের দায়িত্বে ফিরে যেতে চাই, এবং ভবিষ্যতে প্রয়োজন হলে অন্য দায়িত্ব নেওয়ার বিষয় বিবেচনা করব।”
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের সমর্থন ও বিশ্বাসের কারণে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এখন কিছু বিশ্রামও প্রয়োজন।”





