ঢাকা-৬ আসনে ভোটকেন্দ্র ও থানার ওসি পরিবর্তন চেয়ে ইসিতে ইশরাক

কসমোপলিটন স্কুল কেন্দ্র ও সূত্রাপুর থানার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ বিএনপি প্রার্থীর

কসমোপলিটন স্কুল কেন্দ্র ও সূত্রাপুর থানার ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-৬ আসনের কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিবর্তন এবং সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আবেদন করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশনে দুটি অভিযোগ মৌখিকভাবে উপস্থাপন করা হয়েছে। কমিশন জানিয়েছে, এসব অভিযোগ ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ঢাকা-৬ আসনে কসমোপলিটন স্কুল নামে একটি ভোটকেন্দ্র রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই কেন্দ্র থেকে ১৫২ পিস স্টাম্প উদ্ধার করে। তিনি দাবি করেন, ভবনটির মালিকানায় রয়েছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর প্রার্থী এবং সেখানে একটি ক্লাবও রয়েছে।

ইশরাক হোসেন আরও বলেন, বিষয়টি একাধিকবার থানাকে অবহিত করা হলেও শুরুতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। পরে তিনি নিজে সূত্রাপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ওসি প্রথমে ভবনে প্রবেশ না করে মালিক পক্ষকে সতর্ক করেন। স্থানীয়দের চাপের মুখে পরে পুলিশ ভবনে ঢুকে বস্তাবন্দি অবস্থায় স্টাম্পগুলো উদ্ধার করে।

এই প্রেক্ষাপটে তিনি বলেন, “নির্বাচনের আগেই যদি একটি ভোটকেন্দ্রে এমন অবস্থা তৈরি হয়, তাহলে সেখানে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব?” এ কারণে কসমোপলিটন স্কুল কেন্দ্রটি পরিবর্তনের আবেদন করা হয়েছে। পাশাপাশি সূত্রাপুর থানার ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে তাকে পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। তিনিে সময়ের মধ্যে অস্ত্র সরিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এতদিন ঢাকা-৬ আসনের পরিস্থিতি ভালো ছিল। তবে সাম্প্রতিক এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতি এখনো শান্তিপূর্ণ। তবে তফসিল ঘোষণার পরদিন শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড এবং তার বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনাগুলো উদ্বেগজনক। এসব বিষয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি কোনো ধরনের সংঘাত চায় না এবং শান্তিপূর্ণ নির্বাচনই প্রত্যাশা করে। ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণ সত্ত্বেও তারা ধৈর্য ও সহনশীলতার পথেই থাকবে।

প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, কোথাও কোথাও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখলেও সূত্রাপুর থানার ঘটনায় সেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।