স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় দেশবাসীকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়।
বার্তায় গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হয়, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে এসেছে বলে বলা হয়। তাদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করা হয়।
দেশবাসীর উদ্দেশে বলা হয়, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার অনুরোধ জানিয়ে বলা হয়, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তাই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জয়-পরাজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ফল হিসেবে মেনে নেওয়ার আহ্বানও জানানো হয়।
এছাড়া ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি নির্বাচনী কার্যক্রম সফল করতে সহযোগিতার অনুরোধ জানানো হয়। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তা করার আহ্বানও জানানো হয়।
বার্তায় আশা প্রকাশ করা হয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়ে দেশ নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।





